সকালে ঘুম থেকে উঠে কিংবা বিকেলের আড্ডায়—এক কাপ গরম চায়ের সঙ্গে মচমচে বিস্কুট বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ক্লান্তি দূর করতে বা কাজের ফাঁকে একটু রিফ্রেশমেন্টের জন্য চা-বিস্কুটের জুড়ি মেলা ভার। তবে আপনার প্রিয় এই অভ্যাসে লুকিয়ে রয়েছে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি।
সাম্প্রতিক একাধিক পুষ্টিবিষয়ক গবেষণায় বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, চায়ের সঙ্গে নিয়মিত বিস্কুট খাওয়ার এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের একাধিক অঙ্গের ক্ষতি করতে পারে।
গবেষণায় দেখা গেছে, চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, মস্তিষ্কের আসক্তি-সম্পর্কিত পথ সক্রিয় করে এবং ওজন বৃদ্ধির পাশাপাশি হজমে সমস্যা তৈরি করে। বিস্কুটে সাধারণত পরিশোধিত ময়দা ও অস্বাস্থ্যকর চর্বি থাকে, যা একে উচ্চ-ক্যালোরির খাদ্যে পরিণত করে। একটি সাধারণ বিস্কুটে প্রায় ৪০ ক্যালোরি থাকে। ক্রিম ভর্তি বা চকলেট-ঢাকা বিস্কুটে প্রতিটি ১০০ থেকে ১৫০ ক্যালোরি পর্যন্ত থাকতে পারে। সাধারণত একটি বিস্কুটেই তৃপ্তি আসে না, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা দেখা যায়।
অন্যদিকে চা বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। তবে এটি চিনি বা দুধ ছাড়া গ্রহণ করলেই কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
কেন চা-বিস্কুট একসঙ্গে খাওয়া ক্ষতিকর?
দ্রুত ওজন বৃদ্ধি ও মেদ জমা: বাজারজাত বিস্কুটে প্রচুর পরিমাণে রিফাইন্ড ময়দা ও স্যাচুরেটেড ফ্যাট থাকে। চায়ের সঙ্গে প্রতিদিন এগুলো খেলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমা হয়, যা মেদ ও ওজন বৃদ্ধি ত্বরান্বিত করে।
রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি: অধিকাংশ বিস্কুটে প্রসেসড সুগার বা কৃত্রিম চিনি থাকে। গরম চায়ের চাঙ্গা ভাব সাময়িক হলেও, বিস্কুটের উচ্চমাত্রার চিনি রক্তে গ্লুকোজ লেভেল একলাফে বাড়িয়ে দেয়। ফলে এটি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।
হজম ও অ্যাসিডিটির সমস্যা: চায়ে থাকা উপাদান ‘টানিন’ এবং বিস্কুটের প্রসেসড ময়দা একসাথে পেটে গেলে পাকস্থলীর স্বাভাবিক হজমপ্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলে বুক জ্বালাপোড়া, গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।
হৃদরোগের ঝুঁকি: চিপস বা বিস্কুট দীর্ঘদিন ভালো রাখার জন্য যে ‘ট্রান্স ফ্যাট’ ও পাম অয়েল ব্যবহার করা হয়, তা শরীরের খারাপ কোলেস্টেরল বৃদ্ধি করে। এতে ধমনীতে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়ে হৃদরোগের পথ সুগম করে।
পুষ্টির মারাত্মক ঘাটতি: চা এবং বিস্কুট—কোনটিতেই শরীরের প্রয়োজনীয় ভিটামিন, ফাইবার বা প্রোটিন থাকে না। ফলে পেট সাময়িক ভরলেও শরীর পুষ্টিহীনতায় ভোগে এবং কিছুক্ষণ পর আবারও ক্ষুধার অনুভূতি তৈরি হয়।
চায়ের সঙ্গে বিস্কুটের বিকল্প কী হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, একদম খালি পেটে চা পান যেমন ক্ষতিকর, তেমনি বিস্কুট দিয়ে খাওয়াও সমান ঝুঁকিপূর্ণ। চা পানের সময় বিস্কুটের বদলে কিছু স্বাস্থ্যকর বিকল্প বেছে নিতে পারেন:
১. কাঁচা বা সামান্য ভেজে নেওয়া বাদাম (কাঠবাদাম, কাজুবাদাম বা চিনাবাদাম)
২. সেদ্ধ বা ভাজা ছোলা
৩. ওটস বা হোল-গ্রেইন দিয়ে তৈরি ঘরে বানানো হালকা ক্র্যাকার্স
সুতরাং সুস্থ ও রোগমুক্ত জীবন পেতে আজই দৈনন্দিন খাদ্য তালিকা থেকে চিনিযুক্ত প্রক্রিয়াজাত বিস্কুট বাদ দিন এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন।

