আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় খুব সাধারণ একটি সবজি হলো মিষ্টি কুমড়া। ভিটামিনে ভরপুর সহজলভ্য এই সবজ। এই সবজিতে ভিটামিন ‘এ’ ছাড়াও যে অন্যান্য পুষ্টিগুণে ভরপুর তা অনেকেই হয়তো জানি না। কিন্তু পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, এই সাধারণ সবজিটি পুষ্টিগুণের এক বিশাল ভাণ্ডার। বিশেষ করে ক্যানসার প্রতিরোধ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে মিষ্টি কুমড়ার ভূমিকা সত্যিই বিস্ময়কর।
পুষ্টি উপাদান: যুক্তরাষ্ট্রের এগ্রিকালচার’স ফুড ডেটা সেন্ট্রাল বিভাগের তথ্য অনুযায়ী, এক কাপ বা ২৪৫ গ্রাম রান্না বা সেদ্ধ করা (লবণ ছাড়া) মিষ্টি কুমড়ায় রয়েছে- ১.৭৬ প্রোটিন, ২.৭ গ্রাম আঁশ, ৪৯ ক্যালরি, ০.১৭ গ্রাম ফ্যাট, ১২ গ্রাম কার্বোহাইড্রেট। এতে কোলেস্টেরল নেই। এ ছাড়াও এতে রয়েছে- ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, রিবোফ্লোবিন, পটাশিয়াম, কপার, ম্যাংগানিজ, থায়ামিন, ভিটামিন বি৬, ফলিত, প্যানটোথেনিক অ্যাসিড, নিয়াসিন, আয়রন, ম্যাগনেশিয়াম ও ফসফরাস।
ক্যানসারের বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল
অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস: মিষ্টি কুমড়ায় রয়েছে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন, যা মূলত এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আমাদের শরীরে গিয়ে ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হয়।
ফ্রি র্যাডিকেল ধ্বংস করে: শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেল বা মুক্ত উপাদানগুলো কোষের ক্ষতি করে এবং ক্যানসারের ঝুঁকি বাড়ায়। মিষ্টি কুমড়ার অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি র্যাডিকেলগুলোকে ধ্বংস করে ক্যানসারের সেল তৈরি হতে বাধা দেয়।
ঝুঁকি কমায়: গবেষণায় দেখা গেছে, নিয়মিত বিটা-ক্যারোটিন সমৃদ্ধ খাবার খেলে প্রোস্টেট, ফুসফুস এবং কোলন ক্যানসারের মতো ভয়ানক রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়।
হৃদরোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা
রক্তচাপ নিয়ন্ত্রণ: হার্ট সুস্থ রাখার অন্যতম শর্ত হলো রক্তচাপ স্বাভাবিক রাখা। মিষ্টি কুমড়ায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম। এটি রক্তনালীকে প্রসারিত করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
খারাপ কোলেস্টেরল হ্রাস: এতে থাকা প্রচুর ফাইবার বা আঁশ রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। ফলে রক্তনালীতে চর্বি জমতে পারে না এবং হার্টের রক্ত চলাচল স্বাভাবিক থাকে।
ভিটামিন সি-এর জোগান: মিষ্টি কুমড়ার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
অন্যান্য স্বাস্থ্য উপকারিতা
চোখের সুরক্ষায়: ভিটামিন ‘এ’ সমৃদ্ধ হওয়ায় এটি দৃষ্টিশক্তি প্রখর করতে এবং বয়সজনিত চোখের সমস্যা বা ছানি পড়া রোধ করতে দারুণ কার্যকর।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এতে থাকা ভিটামিন সি, ই এবং আয়রন শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়, যা যে কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণ: মিষ্টি কুমড়ায় পানির পরিমাণ বেশি এবং ক্যালোরির পরিমাণ খুব কম থাকে। ফাইবার থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। তাই যারা ওজন কমাতে চান, তাদের জন্য এটি চমৎকার একটি খাবার।

