নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আসর বসবে। সাতটি দেশ এবার খেলবে। ঘরের মাঠে সাফ জিততে চান তপু বর্মণ ও মোরসালিনরা। গতকাল ঢাকার শেরাটন হোটেলে সাফের লোগো উন্মোচন হয়। সেখানে তপুরা আশার কথা বলেছেন। এ সময় প্রধান কোচ টমাস ডুলিও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলির কাছে সাংবাদিকরা জানতে চানÑ আসন্ন সাফে বাংলাদেশের লক্ষ্য কী? উত্তরে হাভিয়ের কাবরেরার স্থলাভিষিক্ত এই কোচ বলেন, ‘টুর্নামেন্টের মূল লক্ষ্য? আপনার কী মনে হয়? চ্যাম্পিয়ন। অবশ্যই আমি জিততে চাই। শেষ পর্যন্ত আমরা জিতব কিনা, জানি না। তবে আমি আপনাদের বলতে পারি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি আমার সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করছি। এবং খেলোয়াড়দের ক্ষেত্রেও একই কথা। আমি খেলোয়াড়দের কাছ থেকেও একই জিনিস চাই, মাঠে নামুন, আপনাদের যা আছে তার সবটুকু উজাড় করে দিন।’
সাফে প্রথম ও শেষবারের মতো ২০০৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল। এরপর কেটে গেছে ২৩ বছর। তবে শিরোপা খরা এবার ঘরের মাঠে কাটাতে চায় বাংলাদেশ। কোচ বলেন, ‘আমাদের একটি স্বপ্ন আছে, সবসময় একটি স্বপ্ন থাকে, জানেন তো… এই সাফ টুর্নামেন্ট জেতার এবং এটি এখন ২৩ বছর হয়ে গেছে। তাই আমি মনে করি, এখন সময় এসেছে। আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে নয়।’
অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বলেন, ‘২৩ বছর আগে আমরা সাফ জিতেছি। এখন একটা শিরোপা জেতা আমাদের মূল লক্ষ্য। এবং দেশে খেলা, গ্যালারিতে সব দর্শক আমাদের থাকবে, সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে, আমাদের একটা বড় দায়িত্ব আছে, সাফ জিতে আমরা মাঠে সেটা প্রমাণ করতে চাই আমরা যোগ্য, সেজন্য আমরা এই সাফটা জিতেছি।’
শেখ মোরসালিনও শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। ঘরের মাঠে হতে যাওয়া সাফের এই সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।
লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম, প্রধান কোচ টমাস ডুলি, তপু বর্মণ, শেখ মোরসালিন এবং সাফ অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

