শ্রাবণ মানেই মেঘলা আকাশ, স্নিগ্ধ আবহাওয়া আর প্রকৃতিতে বর্ষার আবেশ। এমন দিনে ঝাল-মিষ্টি স্বাদের কোনো মুখরোচক খাবার হলে মন্দ হয় না। আর সেই তালিকায় হানি চিলি বেবি কর্ন হতে পারে দারুণ এক পছন্দ। মধুর মিষ্টতা, মরিচের ঝাঁঝ আর মচমচে বেবি কর্ন সব মিলিয়ে স্বাদের এক চমৎকার সমন্বয়। ঘরেই সহজে তৈরি করা যায় এমন এই সুস্বাদু পদটি কীভাবে বানাবেন, চলুন জেনে নেওয়া যাক।
হানি চিলি বেবি কর্নের উপকরণ
১০–১২টি বেবি কর্ন, লম্বালম্বিভাবে অর্ধেক করা
১ টেবিল চামচ মধু
১টি কাঁচা লাল মরিচ, কুচি করা
১টি কাঁচা মরিচ, কুচি করা
১/৪ কাপ কর্নফ্লাওয়ার
১/৪ কাপ চালের গুঁড়া
১ চা-চামচ পেঁয়াজের গুঁড়া
১ চা-চামচ রসুনের গুঁড়া
স্বাদমতো লবণ
স্বাদমতো ভাঙা গোলমরিচ
১/২ কাপ ময়দা
স্বাদমতো লবণ
স্বাদমতো ভাঙা গোলমরিচ
১ কাপ ময়দা
স্বাদমতো লবণ
স্বাদমতো ভাঙা গোলমরিচ
১ টেবিল চামচ তেল (ডিপ ফ্রাই করার জন্য প্রয়োজনমতো)
১ টেবিল চামচ রসুন কুচি
১ টেবিল চামচ আদা কুচি
২টি পেঁয়াজকলির সাদা অংশ, কুচি করা
১/২ টেবিল চামচ লাল মরিচের পেস্ট
১ চা-চামচ লাল মরিচের সস
সামান্য সয়া সস
সামান্য ভিনেগার
সাজানোর জন্য ৪ টেবিল চামচ তির্যকভাবে কাটা পেঁয়াজকলির পাতা
সাজানোর জন্য ১ টেবিল চামচ ভাজা সাদা তিল
প্রস্তুত প্রণালি
একটি বড় বাটিতে কর্নফ্লাওয়ার নিন। এতে চালের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, রসুনের গুঁড়া, লবণ ও ভাঙা গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার বেবি কর্ন দিয়ে এমনভাবে মেশান, যাতে মিশ্রণটি ভালোভাবে বেবি কর্নের গায়ে লেগে যায়। ব্যাটার তৈরির জন্য অন্য একটি বাটিতে ময়দা নিন। এতে লবণ ও ভাঙা গোলমরিচ দিন। মাঝখানে একটু জায়গা করে দেড় কাপ পানি ঢেলে মসৃণ ব্যাটার তৈরি হওয়া পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে নিন। একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। প্রতিটি বেবি কর্ন ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে সাবধানে ছাড়ুন। সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ডিপ ফ্রাই করুন। এরপর শোষণকারী কাগজের ওপর তুলে রাখুন।
একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে রসুন ও আদা দিন। ১–২ মিনিট ভাজুন। এরপর লাল মরিচ, কাঁচা মরিচ ও পেঁয়াজকলির সাদা অংশ দিয়ে ভালোভাবে মিশিয়ে ১–২ মিনিট রান্না করুন। এবার লাল মরিচের পেস্ট দিয়ে ভালোভাবে মেশান। আধা কাপ পানি দিয়ে আবার মিশিয়ে ১–২ মিনিট রান্না করুন। এরপর লাল মরিচের সস, সয়া সস ও ভিনেগার দিয়ে ভালোভাবে মেশান। দুই টেবিল চামচ পেঁয়াজকলির পাতা এবং ভেজে রাখা বেবি কর্ন দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত টস করুন। চুলার আঁচ বন্ধ করে মধু ও ভাজা সাদা তিল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর বাকি পেঁয়াজকলির পাতাও দিয়ে মিশিয়ে নিন। ভাজা তিল ও পেঁয়াজকলির পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

