অনলাইন ডেস্ক
৭ নভেম্বরকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও বিকাশের ধারাবাহিকতার ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
শুক্রবার (১৩ নভেম্বর) নিউইয়র্কে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন যৌথভাবে এ আয়োজন করে।
জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় ঐক্য ও সংহতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ঘটনা। ওই দিন সিপাহি-জনতার সম্মিলিত ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের ক্ষেত্র তৈরি করেছিল।
অনুষ্ঠানে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মর্তুজা এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের চার্জ দি অ্যাফেয়ার্স সঞ্চিতা হক প্রমুখ উপস্থিত ছিলেন।

