সত্য সমাচার ডিজিটাল:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে ভোটগ্রহণ-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আখতার আহমেদ বলেন, বিকেল ৪টা পর্যন্ত সব কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুপুর ২টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছিল। তবে চূড়ান্ত ভোটের হার গণনা শেষে জানানো সম্ভব হবে।
তিনি বলেন, ‘আমরা একটি সুন্দর ভোট সম্পন্ন করেছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি না থাকার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, বিষয়টি জানার পরই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তা তাঁর পরিচয় নিশ্চিত করেন।
এ ছাড়া ভোটকেন্দ্রে কম বয়সী ব্যক্তিদের উপস্থিতির বিষয়ে আখতার আহমেদ বলেন, যারা কম বয়সী হিসেবে ভোটকেন্দ্রে গিয়েছিলেন, তাঁরা ভোটার ছিলেন না। তাঁদের উপস্থিতির পেছনে কৌতূহল বা দলীয় পরিচয়ের বিষয় থাকতে পারে। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে জানান তিনি।

