ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসির সঙ্গে সংলাপ বিএনপির প্রার্থীদের প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির

admin
নভেম্বর ১৯, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫

য়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থীদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম মুসা বলেন, ‘আমরা স্পষ্ট করে একটি বিধিমালা দেখিয়েছি যে, দল থেকে কোনো প্রার্থী মনোনীত হওয়ার পর তার নিজের ছবি, প্রতীকের ছবি ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবে না। আমরা ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি। ইসিকে বলেছি, আপনারা জাতীয়বাদী দল বিএনপির ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন কি না।’

তিনি বলেন, ‘বর্তমানে বিএনপির দলীয় প্রধান ম্যাডাম খালেদা জিয়া, কিন্তু আমরা দেখছি যারা বিএনপি থেকে মনোনীত হয়েছেন বা হবেন তারা বিভিন্ন প্রচারপত্রে, পোস্টারে, বিলবোর্ডে, লিফলেটে সব জায়গায় তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। আমরা ইসিকে বলেছি, এটি কীভাবে স্ট্রিক্টলি প্রয়োগ করবেন, এটা থেকে বিএনপিকে কীভাবে বিরত রাখবেন এটা দিয়ে আপনাদের (ইসি) সক্ষমতা প্রমাণ হবে। এ ছাড়া, আপনাদের সক্ষমতার একটা ধাপ জনগণের কাছে পূরণ হবে। এটা ইসি যদি পারে তাহলে তাদের একটা সক্ষমতা তৈরি হবে।’

এনসিপির এ নেতা বলেন, ‘যাদের বয়স নির্বাচনের আগে ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার করতে হবে। তরুণ-জেনজিদের ভোটের আওতায় আনতে হবে। বড় একটা সংখ্যক জেনজি যারা আন্দোলন করেছিলেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।’

সংলাপে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গণভোট নির্বাচনের দিন হওয়ার কথা। অথচ ইসি গণভোট নিয়ে এখনো প্রস্তুত না। ইসির গণভোট করার কোনো প্রস্তুতি দেখছি না। কীভাবে গণভোট হবে এটা দেখছি না। তাই ইসিকে বলেছি, দ্রুত গণভোটের প্রক্রিয়া শুরু করার জন্য।’

তিনি বলেন, ‘স্ব স্ব দলের জামা এই ভোটে গায়ে দিতে হবে। অন্য দলের জামা গায়ে দেওয়া যাবে না। অনেক দল বলেছে, তারা জোটবদ্ধ হলেও অন্যের প্রতীক ব্যবহার করা যাবে। কিন্তু আমরা বলছি এখন থেকে নিজের দলের কোট ব্যবহার করতে হবে। অন্য দলের কোট ব্যবহার করা যাবে না। ধার করে কারও মার্কায় ভোট করা যাবে না। জোটের প্রার্থী হলেও স্ব স্ব প্রতীকে ভোট করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।