ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রওশন আরা বেগম। তবে দর্শকরা তাকে চেনন মৌ শিখা নামে। দীর্ঘদিন ধরে কাজ করছেন শোবিজে। টিভি নাটকের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও। তবে আড়াই মাস ধরে কোনো কাজ নেই এই অভিনেত্রীর হাতে। এই হতাশা থেকেই নিজের ফেসবুকে দীর্ঘ একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।
জানিয়েছেন, তিনি মরে গেলে কেউ যেন আফসোস না করে। শিল্পী জীবনের দীর্ঘ পথচলায় কাজের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আজকের অবস্থানে এসে নিজেকে ‘অভিনেত্রী’ ভাবতেও কষ্ট হচ্ছে মৌ শিখার।
প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই মাস ধরে মাত্র চার থেকে পাঁচ দিন কাজ করছেন, তাহলে কীভাবে নিজেকে অভিনয়শিল্পী ভাববেন?
গতকাল শুক্রবার ফেসবুকে মৌ শিখা লিখেছেন, ‘আমি মৌ শিখা। অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম সেখানে আড়াই মাস যাবত মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয় শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে। তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে হয়তো বলবে আহারে মহিলা তো কত ভালো ছিল, কত সহজ সরল ছিল, কারো সাতপাঁচে ছিল না, কারো সামনে পিছনে ছিল না। আহারে মহিলাটার আত্মার শান্তি পাক।’

