মিথ্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন ওমর সানী। সেখানে তিনি লিখেছেন, ‘মিথ্যাচারের বিরুদ্ধে আজকে আমার সাংবাদিক সম্মেলন, বিকেল ৪টা ৩০মিনিট। স্থানঃ শিল্পী সমিতি বিএফডিসি। বিনোদন সাংবাদিক সবাই আসবেন।’
তবে ঠিক কোন বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন, তা পোস্টে বিস্তারিত উল্লেখ করেননি এই অভিনেতা।
এদিকে, ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে ফেসবুকে নানা অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি তাদের একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীনের বিরুদ্ধে অভিযোগ ওঠে- তিনি কৌশলে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে আমেরিকার বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। আর মাকে নিয়ে এমন অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিলেন ফারদিন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে হুঁশিয়ারি দেন ফারদিন। লিখেছেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেট করে বাসায় যাও। এইসব ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।’
ছেলের ফেসবুক পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে তাকে ধন্যবাদ জানান ওমর সানী। মাকে নিয়ে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে ফারদিনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

