ঢাকা১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডে পুরস্কার পেলেন যারা

admin
অক্টোবর ১২, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক
১২ অক্টোবর ২০২৬

জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। এবারের আসরে সেরা নায়কের পুরস্কার জিতেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আর সেরা সিনেমা নির্বাচিত হয়েছে তার অভিনীত ‘বরবাদ’। পুরস্কার পেয়েছেন রায়হান রাফি, তমা মির্জা, মিশা সওদাগরসহ বাংলাদেশের সিনেমা, টেলিভিশন ও সংগীতাঙ্গনের একাধিক তারকা।

গেল শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের ইভাঞ্জেল চার্চের পার্টি হলে বসে এবারের আয়োজনের আসর। ‘শো-টাইম মিউজিক’র ব্যানারে ২৫ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান।

এবার মোট ৭টি ক্যাটাগরিতে ৩৭ জন শিল্পীকে দেওয়া হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ড’। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা এবং বিকাশে অবদানের জন্য ১৩টি সামাজিক সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

সিনেমা বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রায়হান রাফি। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তমা মির্জা। সেরা খলনায়কের পুরস্কার জিতেছেন মিশা সওদাগর। শিল্পকলা ও সংস্কৃতিতে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন আফজাল হোসেন। গণমাধ্যম ও বিনোদন জগতে অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

টেলিভিশন বিভাগেও ছিল তারকাদের উপস্থিতি। সেরা টিভি অভিনেতা হয়েছেন ফারহান আহমেদ জোভান এবং সেরা অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জনপ্রিয়তার বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সামিরা খান মাহি ও ফাল্গুনী রহমান জলি।

সংগীত বিভাগে সেরা কণ্ঠশিল্পী হয়েছেন শাহ মাহবুব। সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন অঙ্কন ইয়াসমিন। এ ছাড়া ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, মিলা ইসলাম ও ইবরার টিপুসহ আরও কয়েকজন শিল্পী পুরস্কৃত হয়েছেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে এমন আয়োজনের মাধ্যমে বাংলা সিনেমা, সংগীত ও সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।