বিনোদন ডেস্ক
২৯ আগস্ট ২০২৬
‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার বিতর্কিত গান ‘সারকে চুনার তেরি সরকে’ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। তাঁর দাবি, গানটির হিন্দি সংস্করণ তৈরি এবং সেখানে তাঁর ছবি ও দৃশ্য ব্যবহারের ক্ষেত্রে তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।
প্রায় পাঁচ মাস আগে গানটি প্রকাশের পর থেকেই এর কথা, দৃশ্যায়ন ও নারীদের উপস্থাপন নিয়ে সমালোচনা শুরু হয়। বিভিন্ন সংগঠন গানটিতে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ বক্তব্য থাকার অভিযোগ তুলে এটি নিষিদ্ধের দাবি জানায়। পরে সরকারের নির্দেশ ও অল ইন্ডিয়া সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অভিযোগের পর গানটি সরিয়ে নেওয়া হয়।
সম্প্রতি এক পডকাস্টে নোরা ফাতেহি জানান, প্রায় তিন বছর আগে তিনি সিনেমাটির কন্নড় সংস্করণের জন্য গানটির শুটিং করেছিলেন। সঞ্জয় দত্তের মতো তারকার সঙ্গে কাজ এবং বড় বাজেটের সিনেমার অংশ হওয়ার সুযোগ থাকায় তিনি প্রস্তাবটি গ্রহণ করেছিলেন।
তবে অভিনেত্রীর অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই কন্নড় ভাষার গানটি হিন্দিতে ডাব করা হয়। হিন্দি সংস্করণে এমন কিছু শব্দও যুক্ত করা হয়েছে, যেগুলো তাঁর পছন্দ নয়।
নোরার অভিযোগ আরও গুরুতর। তিনি জানান, হিন্দি সংস্করণের লিরিক্যাল ভিডিওতে তাঁর অনুমতি ছাড়াই তাঁর কিছু ছবি ব্যবহার করা হয়েছে। এমনকি সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করে ভিডিওতে যুক্ত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, কন্নড় সংস্করণে তিনি যে কাজ করেছিলেন, পরবর্তী সময়ে তৈরি হিন্দি সংস্করণের বিষয়বস্তু তার সঙ্গে এক নয়। তাই হিন্দি সংস্করণ ঘিরে তৈরি হওয়া বিতর্কের দায় তাঁর ওপর দেওয়া উচিত নয়।
নোরা বলেন, কোনো শিল্পীর কাজ, ছবি বা দৃশ্য ব্যবহারের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়া এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। তিনি এতদিন নীরব থাকলেও বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা তৈরি হওয়ায় এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
নোরার বক্তব্য প্রকাশ্যে আসার পর ‘কেডি: দ্য ডেভিল’-এর বিতর্কিত গানটি নিয়ে পুরোনো আলোচনা আবারও সামনে এসেছে।

