ঢাকা৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ফাইনালে পারফর্ম করবেন জাস্টিন বিবার

admin
জুলাই ৯, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৬

বিশ্বকাপের ফাইনালে বিরতির সময় আয়োজন করা হচ্ছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে অংশ নেবেন বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএস। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

এ ছাড়া অনুষ্ঠানে পরিবেশনা করবেন আফ্রিকান সংগীতশিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার বিখ্যাত অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোরাস দল। তাদের সঙ্গে বিশেষ পরিবেশনায় থাকবে জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লে।

ফাইনাল ম্যাচের বিরতিতে ১১ মিনিটের এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই, নিউইয়র্কের বাইরে নির্ধারিত ভেন্যুতে। অনুষ্ঠানটির সৃজনশীল পরিকল্পনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

এই আয়োজনের মাধ্যমে শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে গঠিত বিশেষ তহবিলের জন্য ১০ কোটি ডলার সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাস্টিন বিবার বলেন, ‘বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা পুরো বিশ্বকে এক সুতোয় গেঁথে দেয়। এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি আনন্দিত। আরও বেশি আনন্দের বিষয় হলো, এর মাধ্যমে বিশ্বের অসংখ্য শিশুর শিক্ষার সুযোগ সম্প্রসারণে সহায়তা করা হবে।’

এবারের পরিবেশনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বার্না বয়ের অংশগ্রহণ। কারণ তিনি শাকিরার সঙ্গে চলতি বিশ্বকাপের আনুষ্ঠানিক গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী।

আফ্রিকান ও লাতিন সংগীতধারার মিশেলে তৈরি গানটিতে বিশ্বের বিভিন্ন দেশের নাম ও বিখ্যাত ফুটবলারদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। গানের একাংশে ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো, জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসের নামও উল্লেখ করা হয়েছে।

বার্না বয় বলেন, ‘বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা সত্যিকার অর্থে পুরো পৃথিবীকে একত্র করে। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতির অনুষ্ঠানে আফ্রিকার প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য যেমন গর্বের, তেমনি এটি বড় দায়িত্বও।’

সাধারণত ফুটবলে বিরতির সময় এ ধরনের আয়োজন খুব একটা দেখা যায় না। তবে এবার বিশ্বকাপের ফাইনালে সেই প্রচলিত ধারায় পরিবর্তন আসছে। অতীতে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে ম্যাচ শুরুর আগে সংগীতানুষ্ঠানের আয়োজন হলেও বিরতিতে এমন আয়োজন ছিল বিরল।

এবারের অনুষ্ঠানে শিশুদের জনপ্রিয় পুতুলভিত্তিক শিক্ষামূলক ধারাবাহিকের কয়েকটি পরিচিত চরিত্রও অংশ নেবে। তাদের সঙ্গে থাকবেন বিখ্যাত ব্যাঙ চরিত্র কারমিট এবং মিস পিগিও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।