বিনোদন ডেস্ক: নাটকের কথা বলে সিনেমায় রূপান্তরের অভিযোগে অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টের সেন্সর বাতিল করেছে কর্তৃপক্ষ। অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেন।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রাথমিক পর্যায়ে কোনো অভিযোগ না থাকায় চলচ্চিত্রটিকে সেন্সর দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে জেবা জান্নাত লিখিত অভিযোগে জানান, তার সঙ্গে এটি নাটক হিসেবে নির্মাণের চুক্তি করা হয়েছিল। নির্মাতা তাকে না জানিয়েই একে সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করেন। চুক্তির শর্ত ভঙ্গের কারণেই সেন্সর বাতিল করা হয়েছে।
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীও এই প্রজেক্ট নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। যুক্তরাষ্ট্রে থাকাকালীন দুই বছর আগে তিনি এই কাজটিতে যুক্ত হন। মৌসুমী এক অডিও বার্তায় জানান, এটি এক ঘণ্টার নাটকের গল্প ছিল। পরবর্তীতে নির্মাতা একে টেলিফিল্ম হিসেবে প্রচারের অনুমতি চাইলে তিনি তাতে সম্মতি দেন। কিন্তু এটি সিনেমা হিসেবে মুক্তির সংবাদ শুনে তিনি চরম বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
অভিনেত্রী জেবা জান্নাতের দাবি, নাটকের কথা বলে শুটিং করিয়ে তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পরবর্তীতে সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নিলে তিনি শক্ত অবস্থান নেন। হাসান জাহাঙ্গীর পরিচালিত এই প্রজেক্টে মৌসুমী, জেবা জান্নাত ও হাসান জাহাঙ্গীর নিজেই গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন। তবে চুক্তির বাইরে ভিন্ন মাধ্যমে মুক্তির এই প্রচেষ্টায় আপাতত স্থগিত হয়ে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’।

