ঢাকা২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এন্ডোমেট্রিয়াল ক্যানসার নারীস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি

admin
এপ্রিল ২, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডা. মো. ইয়াকুব আলী:

ক্যানসার এমন একটি রোগ, যার প্রভাবে মৃত্যুর আশঙ্কা থেকে যায়। এর বিভিন্ন ধরন রয়েছে, কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যানসার নারীস্বাস্থ্যের জন্য বিশেষভাবে হুমকিস্বরূপ। কারণ এটি সাধারণত স্ত্রীরোগ সম্পর্কিত ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে দেখা দেয়। অধিকাংশ নারী এ ক্যানসারের লক্ষণ, ঝুঁকি এবং প্রতিকার সম্পর্কে যথেষ্ট জানেন না। যার ফলে যথাসময়ে রোগ শনাক্ত করা যায় না এবং চিকিৎসার ক্ষেত্রে দেরি হয়। এন্ডোমেট্রিয়াল ক্যানসার দ্রুত বৃদ্ধি পায় এবং সময়মতো চিকিৎসা না নিলে জটিলতা এবং জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। এ রোগ নির্ণয়ের জন্য কিছু বিশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। ডায়াগনস্টিক কিউরাটেজ এন্ডোমেট্রিয়াল ক্যানসার শনাক্তের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এতে সাধারণত প্রথমে সার্ভিক্যাল ক্যানাল এবং পরে জরায়ুগহ্বর পরীক্ষা করা হয়। এরপর জরায়ুগহ্বরের ভেতরের অংশ থেকে টিস্যুর স্ক্রেপিং সংগ্রহ করা হয় এবং প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। চূড়ান্ত প্যাথলজিক্যাল ফলাফলই এ ক্যানসার নির্ণয়ের মূল ভিত্তি হিসেবে গণ্য হয়।

হিস্টেরোস্কপি আণুবীক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে জরায়ুগহ্বর ও সার্ভিক্যাল ক্যানাল আরও স্পষ্টভাবে পরীক্ষা করতে সাহায্য করে। এই পরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা সরাসরি টিউমারের অবস্থান, আকার, ধরন এবং সার্ভিক্যাল ক্যানালে প্রভাবিত হয়েছে কিনা, পর্যবেক্ষণ করতে পারেন। এছাড়াও টিস্যু সংগ্রহ করে হিস্টো-প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। হিস্টেরোস্কপির মাধ্যমে এন্ডোমেট্রিয়াল ক্যানসার শনাক্ত করার সফলতা প্রায় ৯৪ শতাংশ। জরায়ুগহ্বর টিউব একটি ব্রাশের মতো যন্ত্র, যা দিয়ে জরায়ুগহ্বরের ভেতরের তরল পদার্থ সংগ্রহ করা হয় এবং সাইটোলজিক্যাল পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। বি-আল্ট্রাসাউন্ড পরীক্ষা এন্ডোমেট্রিয়াল ক্যানসারের জন্য এক প্রচলিত ও কার্যকর পরীক্ষা। জরায়ুর আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জরায়ুর গহ্বরের আকার, আকৃতি, টিউমারের অবস্থান, মায়োমেট্রিয়াল আক্রমণ এবং ক্লিনিকাল পর্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়।

রেট্রোপেরিটোনিয়াল লিম্ফোগ্রাফি পরীক্ষার মাধ্যমে পেলভিস এবং প্যারা-মহাধমনীর লসিকাগ্রন্থিতে ক্যানসার ছড়িয়েছে কিনা নির্ণয় করা যায়, যা রোগের বিস্তার ও পর্যায় নির্ধারণে সহায়ক। এছাড়া সিটি স্ক্যান এন্ডোমেট্রিয়াল ক্যানসার নির্ণয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি স্ক্যানের মাধ্যমে টিউমারের আকার, অবস্থান এবং পার্শ্ববর্তী টিস্যুতে ক্যানসারের বিস্তার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

সুতরাং, এন্ডোমেট্রিয়াল ক্যানসারের সম্ভাব্য ঝুঁকি কমাতে এবং সময়মতো চিকিৎসা শুরু করতে রোগীর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নিয়মিত পরীক্ষা ও সঠিক চিকিৎসা গ্রহণ করলে রোগ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।