৭৩তম মিস ওয়ার্ল্ডে ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে বিজয়ী ঘোষণা করা হয় তাকে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫ প্রতিযোগিতায় সেরা হন জোহেইরি। সেই সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।
মডেলিং ও ফ্যাশন অঙ্গনে পরিচিত মুখ জোহেইরি মোলা একইসঙ্গে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও কাজ করছেন। নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি মডেলিংয়ে নিজের দক্ষতারও পরিচয় দিয়েছেন তিনি।
ফাইনাল অনুষ্ঠানে জোহেইরির মাথায় বিজয়ীর নীল মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।
বিশ্বসুন্দরীর দায়িত্ব পাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত থাকবেন জোহেইরি। পাশাপাশি বিশ্বজুড়ে সংস্থাটির জনপ্রিয় ‘বিউটি উইথ আ পারপাস’ কার্যক্রমের দূত হিসেবেও কাজ করবেন তিনি।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

