২০২৫ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজনে অমিতাভ বচ্চন সঞ্চালকের আসনে থাকবেন না এমন খবর ছড়িয়ে পড়েছিল। এতে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল হতাশা। শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি হয়নি। ১৭তম মৌসুমে জনপ্রিয় রিয়েলিটি শোটির ‘হট সিটে’ অমিতাভ বচ্চনকেই দেখা গেছে। তবে এবার ১৮তম সিজনে এসে নিজেই অবসরের ইঙ্গিত দিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিজের নিয়মিত ব্লগে ‘কেবিসি’ থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গ তুলেছেন অমিতাভ। যদিও অবসরের পেছনে ঠিক কী কারণ রয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। বরং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা না করার কারণ হিসেবে চ্যানেলের ভাবমূর্তির বিষয়টি উল্লেখ করেছেন। তবে অমিতাভের সাম্প্রতিক বক্তব্যের পর তার ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে কেন হঠাৎ এমন সিদ্ধান্তের কথা ভাবছেন তিনি?
ব্লগে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অমিতাভ জানান, অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক প্রতিযোগীর জীবনের কঠিন ও মর্মান্তিক ঘটনা তাকে গভীরভাবে নাড়া দেয়। তাদের গল্প শুনে নিজের আবেগ নিয়ন্ত্রণ করাও অনেক সময় তার জন্য কঠিন হয়ে পড়ে।
তিনি লেখেন, প্রতিযোগীদের জীবনের এমন কিছু ঘটনা রয়েছে, যা শুনে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। নিজের অনুভূতি সামলে সঞ্চালকের দায়িত্ব চালিয়ে যাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে বলেও জানান তিনি।
অমিতাভ আরও ইঙ্গিত দেন, এ বিষয়ে বিস্তারিত বললে অনুষ্ঠানটির সম্প্রচারকারী চ্যানেলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিষয়টি নিয়ে প্রকাশ্যে বেশি কিছু বলতে চান না তিনি। তবে তার ভাষায়, এসব অভিজ্ঞতা অত্যন্ত হৃদয়বিদারক।
এমন পরিস্থিতিতেই ‘কেবিসি’ থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন অমিতাভ। একই সঙ্গে তার লেখায় উঠে এসেছে আবেগঘন বিদায়ের সুর। দীর্ঘ রাতের পর নতুন রাতের ডাক আসছে এমন ইঙ্গিত দিয়ে দর্শক ও অনুরাগীদের প্রতি ভালোবাসাও জানিয়েছেন তিনি।
২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঙ্গে অমিতাভ বচ্চনের পথচলা শুরু। তৃতীয় সিজন ছাড়া প্রায় পুরো যাত্রাতেই তিনি অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। সময়ের সঙ্গে ‘কেবিসি’ এবং অমিতাভ বচ্চন যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।
দর্শকদের কাছে তার সঞ্চালনার ধরন এতটাই জনপ্রিয় হয়েছে যে, অনুষ্ঠানটির সঙ্গে অমিতাভের নাম প্রায় সমার্থক হয়ে উঠেছে। ফলে ১৮তম সিজনে তার অবসরের ইঙ্গিত ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।

