প্রেম ও বিয়ে নিয়ে শুরু থেকেই নিশ্চুপ ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভালোবাসার মানুষ নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করছেন এই অভিনেত্রী। গতকাল রবিবার মধুমতি মডেল টাউনে অনুষ্ঠিত হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। আজ সোমবার একই ভেন্যুতে হবে বিয়ের আনুষ্ঠানিকতাও।
শুরু থেকে নিশ্চুপ থাকলেও অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন মেহজাবীন। আজ ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘ভাঙা দাঁত ও সুন্দর হাসিমাখা একটি ছেলে আমার সাথে দেখা করতে আসে। আমি তখন শুটিং হাউসের ছাদে দাঁড়ানো। রাস্তা থেকে আমার দিকে হাত নাড়াচ্ছিল। আমরা ১৫ মিনিটের মতো কথা বলি, হাত মেলাই, এরপর সে চলে যায়। তখনই মনে হচ্ছে আমার হৃদয়ের কোনো টুকরো তার সাথে চলে গেছে। আমি বুঝে যাই-সত্যিই প্রেমে পড়েছে আমি।’
তিনি আরও লিখেছেন, ‘সেই ঘটনার ১৩ বছর পেরিয়ে গেছে। আমরা এখনো আছি। নিজেদের সাফল্য ও ব্যর্থতা একসঙ্গে ভাগাভাগি করছি। বলা হয়ে থাকে যে সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবন টিকে যায়। আমরা প্রায় দ্বিগুণ করে ফেলেছি। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমরা সেই বন্ধনকে সিলবদ্ধ করেছি। সারাজীবন হাতে হাত ধরে চলার শপথ নিয়েছি। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে গ্রহণ করেছি।’

