মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিলের অভিনয়ে মুগ্ধ হয়েছেন তেলেগু সিনেমার তারকা মহেশ বাবু। ফাহাদের নতুন সিনেমা ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’ দেখে প্রশংসায় ভাসিয়েছেন এই অভিনেতা। মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ হয় মহেশের। এরপর সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি ছবিটিকে ‘চমৎকার’ ও উপভোগ্য অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
ফাহাদের অভিনয়ের পাশাপাশি শিশুশিল্পী সারার পারফরম্যান্সও নজর কেড়েছে মহেশের। ফাহাদকে উদ্দেশ করে তিনি লেখেন, প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে মেলে ধরার যে দক্ষতা অভিনেতার রয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ফাহাদ ও সারার পর্দার রসায়নেরও প্রশংসা করেছেন তিনি।
শশাঙ্ক ইয়েলেতি পরিচালিত সিনেমাটি গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবির নির্মাতা ও প্রযোজক এসএস কার্তিকেয়াকেও শুভেচ্ছা জানিয়েছেন মহেশ বাবু। সিনেমাটির সঙ্গে এসএস রাজামৌলির নামও যুক্ত রয়েছে।
‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’ সিনেমার তামিল, মালয়ালম ও তেলেগু ট্রেলারে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে কমল হাসান, মোহনলাল ও বালকৃষ্ণ। মহেশ বাবুর এমন প্রশংসা সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

