সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়ামের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে চিঠি লিখেছিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়। সেই চিঠির জবাব মিলেছে সাক্ষাতের আমন্ত্রণে। আর সেই সাক্ষাতে অনুশ্রীকে নিজের হাতে একটি হারমোনিয়াম উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অনুশ্রী।
এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম ও নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে অনুশ্রী। গেল ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ দেওয়া অনুষ্ঠানে পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি দেন অনুশ্রী।
প্রধানমন্ত্রীর একজন কর্মকর্তার মাধ্যমে পৌঁছে দেওয়া সেই চিঠিতে সংগীতচর্চার প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে একটি হারমোনিয়াম এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছিল সে। পরে প্রধানমন্ত্রী চিঠিটি পড়ে অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত অনুশ্রী জানায়, কখনো ভাবেনি তার লেখা চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে, তিনি সেটি পড়বেন এবং দেখা করার জন্য ডাকবেন।
জানায়, সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়ামের খুব প্রয়োজন ছিল। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় সেটি কেনা সম্ভব হচ্ছিল না। তাই সাহস করে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি লিখেছিল। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেনি।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী স্নেহভরে অনুশ্রীর সঙ্গে কথা বলেন, তার পড়াশোনা ও সংগীতচর্চার খোঁজ-খবর নেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তার হাতে উপহার হিসেবে একটি হারমোনিয়াম তুলে দেন। এ সময় অনুশ্রী প্রধানমন্ত্রীর সামনে একটি দেশাত্মবোধক গানও পরিবেশন করে।
অনুশ্রীর বাবা বলেন, প্রধানমন্ত্রী তার মেয়েকে ডেকে উৎসাহ দেবেন- এটি তারা কখনো কল্পনাও করেননি। বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর মানবিক কর্মকাণ্ডের কথা মেয়েকে বলতেন। সেখান থেকেই অনুশ্রীর বিশ্বাস জন্মেছিল, চিঠি লিখলে হয়তো সাড়া পাওয়া যাবে। সেই বিশ্বাসই আজ বাস্তবে রূপ নিয়েছে।
প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উৎসাহ পেয়ে ভবিষ্যতে দেশের একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন পূরণে অনুশ্রী আরও অনুপ্রাণিত হবে বলে আশা প্রকাশ করেন তার পরিবারের সদস্যরা।
এদিকে একইদিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। তিনি জানান, ছোটবেলা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল তার। সেই আকাঙ্ক্ষার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাকিব তার নিজ এলাকা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বলেন, সেতুটি নির্মিত হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে এবং হাজারো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

