ভারতের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
গোয়ার দোনা পাওলার বাড়িতে অচেতন অবস্থায় নানা পাটেকরকে পাওয়া যায়। পরে তাকে দ্রুত মণিপাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।
১৯৭৮ সালের ‘গমন’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল নানা পাটেকরের। এরপর হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নিজেকে অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। ‘পরিন্দা’ ও ‘অগ্নিসাক্ষী’ সিনেমায় খলনায়কের চরিত্র থেকে শুরু করে ‘ওয়েলকাম’-এ তার দুর্দান্ত কৌতুক অভিনয়—বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
দেশ যখন এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে একটি পুরোনো ভিডিও। সেখানে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির প্রতি নানা পাটেকরের গভীর মুগ্ধতার কথা বলতে শোনা যায় তাকে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে নানা পাটেকরকে বলতে শোনা যায়, ‘বিরাট এমন একজন খেলোয়াড়, যাকে আমি খুব পছন্দ করি। বিরাট যদি দ্রুত আউট হয়ে যায়, তখন আমার খাবার খেতেই ইচ্ছে করে না।’
ক্রিকেটারদের শোক
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে বৃহস্পতিবার শোক প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান। তাকে ‘অসাধারণ প্রতিভা’ হিসেবে উল্লেখ করে ধাওয়ান বলেন, তার কাজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নানা পাটেকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধাওয়ান লিখেছেন, ‘ভারতীয় চলচ্চিত্র আজ সত্যিই এক অসাধারণ প্রতিভাকে হারাল। নানা পাটেকর সাহেব, আপনার কাজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ওম শান্তি।’
সাবেক ভারতীয় ব্যাটার অজিঙ্কা রাহানেও নানা পাটেকরের মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি বলেন, ‘নানা পাটেকরজি ছিলেন সত্যিই অসাধারণ একজন অভিনেতা। তার কাজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত ও আনন্দ দিয়েছে। তার মৃত্যুর খবর শুনে খুবই দুঃখ পেয়েছি। তার আত্মা শান্তিতে থাকুক।’
জীবনের শেষ সময়েও নানা পাটেকর নিয়মিত বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখসহ আরও অনেক তারকার অভিনীত ‘হাউসফুল ৫’ সিনেমাতেও তাকে দেখা গেছে।
এ ছাড়া বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও’রমিও’ সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর। শহিদ কাপুর ও তৃপ্তি দিমরিকে নিয়ে নির্মিত এই সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি অনিল কাপুর ও রাধিকা মদন অভিনীত ‘সুবেদার’ সিনেমাতেও অতিথি চরিত্রে দেখা গেছে এই বর্ষীয়ান অভিনেতাকে।

