পরিবারের সঙ্গে অবসর সময় কাটানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব। সেই পোস্টের মন্তব্য ঘরে শুভশ্রী গাঙ্গুলীর এক রসিক মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। একসময়কার আলোচিত এই জুটির কথোপকথনে আবারও সামনে এসেছে তাদের পুরোনো ‘ইনোসেন্স’ প্রসঙ্গ।
সম্প্রতি মা-বাবা ও বোনকে নিয়ে পশ্চিমবঙ্গের টাকি ভ্রমণে গিয়েছিলেন দেব। সেখানকার বেশ কয়েকটি মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। পোস্টটিতে মন্তব্য করতে গিয়ে শুভশ্রী মজার ছলে লেখেন, পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলে কি তিনি ভেবে নিয়েছেন যে তার সেই ‘ইনোসেন্স’ আর নেই?
শুভশ্রীর মন্তব্যের পর অবশ্য নীরব থাকেননি দেব। তিনিও পাল্টা মন্তব্য করে লেখেন, নিজের প্রতিচ্ছবি তার চোখে খুঁজে দেখতে। তার দাবি, আগের মতোই সবকিছু এখনো একই রকম রয়েছে।
দুই তারকার এই কথোপকথন নজর এড়ায়নি নেটিজেনদের। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও মন্তব্য। অনেকে পুরোনো দিনের দেব-শুভশ্রীর জুটি ও তাদের সম্পর্কের নানা স্মৃতিও টেনে আনেন। তবে ব্যক্তিগত অতীতের নানা অধ্যায় পেছনে রেখে ফের একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে চলেছে এই দুই তারকাকে। আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’। এরইমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। সেখানে দেব ও শুভশ্রীর জুটির প্রত্যাবর্তনের ইঙ্গিতও পেয়েছেন দর্শকেরা।
ফলে সিনেমায় বহুদিন পর একসঙ্গে ফেরার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের হালকা মজার কথোপকথন ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে পুরোনো ‘ইনোসেন্স’ প্রসঙ্গটি নতুন করে সামনে আসায় দেব-শুভশ্রীকে ঘিরে আলোচনা ফের জমে উঠেছে।

