বাংলা চলচ্চিত্রের কালজয়ী মহানায়ক উত্তম কুমার। তার জন্মশতবর্ষ উপলক্ষে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ভারত সরকার। কিংবদন্তি এই অভিনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তার অবয়বখচিত একটি স্মারক মুদ্রা প্রকাশ করতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার।
গত ৩ সেপ্টেম্বর ছিল উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানায়কের জন্মশতবর্ষ স্মরণে ১০০ রুপির একটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করা হবে। মুদ্রাটিতে থাকবে উত্তম কুমারের ছবি। বিশেষ এই মুদ্রা তৈরি হবে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপা দিয়ে।
এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই স্মারক মুদ্রা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রে তার গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করা হবে। উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন, তিনি বাঙালির সাংস্কৃতিক স্মৃতিরও অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ চলচ্চিত্রে তার অভিনয়ও বিশেষভাবে প্রশংসিত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তম কুমারের অভিনয় প্রতিভা ও চলচ্চিত্রে তার অবদানের কথা স্মরণ করে বলেন, অভিনয়জগতে মহানায়কের অবদান কখনও ভুলে যাওয়ার নয়। তার অভিনীত চরিত্রগুলো আজও সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে আছে। বিশেষ করে ‘নায়ক’ চলচ্চিত্রে তার অভিনয় ছবিটিকে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া উত্তম কুমার ১৯৮০ সালের ২৪ জুলাই মৃত্যুবরণ করেন। মৃত্যুর কয়েক দশক পরও তার জনপ্রিয়তা একটুও কমেনি। জন্মশতবর্ষে তার ছবিখচিত বিশেষ রুপার মুদ্রা প্রকাশের উদ্যোগ সেই ভালোবাসা ও সাংস্কৃতিক প্রভাবেরই প্রতিফলন।

