ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির রাজনীতির মধ্যে রংধনু আছে: এ্যানী

admin
নভেম্বর ৫, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স :

০৫ নভেম্বর ২০২৫,

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, ‘আমরা এই সমাজে একসঙ্গে বসবাস করছি, একটি ভুখণ্ডে আছি। এই ভুখণ্ডে ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে যারা বসবাস করে সবাই বাংলাদেশী। কেউ আমরা মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিষ্টান সম্প্রদায়, মারমা-চাকমা, আধিবাসি সবাইতো আছি—এটি একটি রংধনু। রংধনুর যেমন সাতটা রঙ। এই বিএনপির রাজনীতির মধ্যেও ওই রংধনুটা আছে।’

এটি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সব ধর্মের মানুষকে সম্মানের জায়গায় আমরা রেখেছি। জিয়াউর রহমানের ওই দর্শন নিয়েই গ্রামেগঞ্জে কথা বলি। যা সহজ স্বাভাবিক রাজনীতি।’

বুধবার (৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ ও মহোৎসব-১৪৩২ বঙ্গাব্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘ধানের শীষ নিয়েই ফেব্রুয়ারি মাসে আমাদেরকে লড়তে হবে। আগেও ধানের শীষকে জিতিয়েছেন। এবারও আপনারা ধানের শীষকে জিতিয়ে আনবেন। কারণ ধানের শীষ আপনাদের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। কেন তাকে বারবার জেলে নিয়ে রাখতে হবে? কেন তাকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করতে হবে? এমন জায়গায় তাকে নিয়েছে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে আজকে হাসপাতাল আর বাসায় আসা যাওয়া করতে হচ্ছে। তারপরও বেঁচে আছেন, সম্মান-শ্রদ্ধার জায়গায় আছেন।’

খালেদা জিয়া আমাদের মনোবল, খালেদা জিয়া আমাদের সাহস হিসেবে মন্তব্য করে এ্যানী বলেন, ‘ওই প্রেরণা থেকে আজকে আমরা এক ও ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য সুদৃঢ় ঐক্য। এই ঐক্যের মধ্যে থাকলে কোনো সম্প্রদায়ের কাউকে কেউ আঘাত করার কোনো সুযোগ পাবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ অসম্প্রদায়িক রাষ্ট্র। সকল ধর্মের মানুষ এই দেশে আছে। ধর্মের প্রতি যে সম্মান এটি আমাদের রাজনীতির মধ্যেও আছে। যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনৈতিক দর্শনের মধ্যে দিয়ে গেছেন।’

বিএনপিকে বলা হয় গণমানুষের দল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় গণমানুষের নেতা। বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদ নাই, কতৃত্ববাদ নাই, দখলদারিত্ব নাই, প্রতিহিংসা নাই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।