আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫
দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে এক পৌর কর্মীকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এ ঘটনার পর সেনাবাহিনীকে যেকোনো ইসরাইলি আগ্রাসন প্রতিহতে কড়া নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ড্রোন ও সাঁজোয়া যানসহ ইসরাইলি বাহিনী ব্লিদায় প্রবেশ করে এবং পৌরসভা ভবনে অভিযান চালায়। সেখানে ঘুমিয়ে থাকা ইব্রাহিম সালামেহকে গুলি করে হত্যা করা হয়।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের’ লক্ষ্যে অভিযান চালিয়েছে। তবে ওই ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করছিল—এর স্বপক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরাইলি সেনারা। সেনাবাহিনীর দাবি, ভবনের ভেতরে এক ‘সন্দেহভাজনের’ মুখোমুখি হলে তাৎক্ষণিক হুমকি শনাক্ত করে গুলি চালানো হয়। তবে সালামেহ লক্ষ্যবস্তু ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

