ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নেতাকর্মীদের পাশে দাঁড়াতে খালেদা জিয়া ও তারেক রহমানের আহ্বান

admin
জুলাই ২১, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৫,

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার এক শোক বার্তায় বিএনপির এই দুই শীর্ষ নেতা নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা আল্লাহর কাছে দোয়া করেন, যাতে সন্তান হারানো পরিবারগুলো এই শোক বহনের শক্তি পান।

বিমান দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের আশু-সুস্থতা কামনা করেছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সার্বিক খোঁজখবর নিচ্ছেন তারা।

খালেদা জিয়া ও তারেক রহমান দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের জন্য রক্ত দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

এছাড়া, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স বহর নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে পাঠানোর কাজ করে।

দুর্ঘটনার পর থেকেই বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় কাজ করছেন। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।