সত্য সমাচার ডিজিটাল
১২ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনের গাজায় নারী-শিশুসহ নানা বয়সী মানুষকে প্রতিনিয়ত হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হত্যাযজ্ঞের প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। বাংলাদেশেও প্রতিবাদের ঝড় উঠেছে। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মোড়লদের কানে প্রতিবাদ পৌঁছাতে চায় আয়োজকরা।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ সমাবেশে যোগ দিতে সকাল থেকেই লোকজন আসতে শুরু করেছেন। তবে দুপুরের পরে থেকেই ‘মার্চ ফর গাজা’ সমাবেশে যোগ দিতে আসা মানুষের ঢল বেশি দেখা দিয়েছে। এ সমাবেশে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবেন।
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিদল যাবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন।
তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধিদল বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে কর্মসূচি শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হবে।

