ঢাকা২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎঃ জোহানেসবার্গ ও কেপটাউনের সাথে বিমান যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ

admin
নভেম্বর ২৫, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি
২৫ নভেম্বর, ২০২৬
আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের (H.E Anil Sooklal) নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিমান যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের সাথে বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। উভয় দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, বিমান যোগাযোগ ও পর্যটন খাতে এই উদ্যোগ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামী দিনে আরও সুদৃঢ় ও গতিশীল করবে। সাক্ষাৎকালে সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।