ঢাকা২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন ঘাঁটির কাছে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ বড় ক্ষতির পরিকল্পনার দাবি ট্রাম্পের

admin
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি ব্রিটিশ বিমানঘাঁটির কাছে বিস্ফোরক ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারের ঘটনায় বড়ধরনের ক্ষতির পরিকল্পনার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, সন্দেহভাজনরা ‘বড় ধরনের ক্ষতি’ করার পরিকল্পনা করছিল। তবে ব্রিটিশ ও মার্কিন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের ওপর নজর রাখছিল। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রোববার ভোরে তিনটি ভ্যান সামরিক ঘাঁটির দিকে যেতে দেখার তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের গ্রেপ্তার করে ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ।

তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা কারা বা তাদের সঙ্গে কোনো সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না সে বিষয়ে এখনো পুলিশ প্রকাশ্যে কিছু জানায়নি। তদন্তের সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো উদ্দেশ্যকে সবচেয়ে সম্ভাব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি রাশিয়ার নাশকতামূলক অভিযান বা ইসলামপন্থী কোনো ষড়যন্ত্রের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘাঁটির চারপাশে ৪০০ মিটার এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল সন্দেহজনক ভ্যানগুলো পরীক্ষা করেছে। পাশাপাশি ঘাঁটির কাছের একটি গ্রামের ৮৫টি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং এলাকায় সশস্ত্র পুলিশ টহল দিচ্ছে।

এ ঘটনায় রোববার সকালে ফেয়ারফোর্ড ঘাঁটির প্রবেশপথ সশস্ত্র পুলিশ বন্ধ করে দেয়। একই সময়ে ইংল্যান্ডের অন্যান্য মার্কিন-ব্যবহৃত ঘাঁটিতেও নিরাপত্তা বাড়ানো হয়। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ইংল্যান্ডের আরএএফ লেকেনহিথ ও আরএএফ মিলডেনহলের প্রবেশপথে সাঁজোয়া যান ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছিল।

মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র ঘাঁটির নির্দিষ্ট নিরাপত্তাব্যবস্থা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ বিমানবাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন এবং সামরিক সদস্য, বেসামরিক কর্মী, ঠিকাদার ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাশিয়ার সম্ভাব্য নাশকতা ও সাইবার হামলা নিয়েও ব্রিটিশ সরকারের উদ্বেগ রয়েছে। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে এ ধরনের ‘হাইব্রিড হামলা’ চালানোর অভিযোগ অবশ্য রাশিয়া অস্বীকার করে আসছে।

পুলিশ জানিয়েছে, পাঁচজনের গ্রেপ্তারের ঘটনাটি এখনো তদন্তাধীন এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।