কদিন আগেই নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। তাদের বিপক্ষেই দেখা হচ্ছে আবার। এশিয়ান গেমসের শেষ চারের লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবেন নিগাররা। জয়কে পাখির চোখ করেই মাঠে নামবেন বাঘিনীরা।
এশিয়ান গেমসে কোন ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়। এতে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাঘিনীরা শেষ চারে নাম লেখায়। এদিকে একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল তারা। চীনের অনুরোধে তাদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে রাজি হয়েছিল বাংলাদেশ। গতকাল তার জন্য মাঠে এলেও চীন দল আসেনি। প্রস্তুতি ম্যাচটি বাতিল হলেও নিজেদের মধ্যে অনুশীলন সেরে নেন নিগাররা। এ ঘটনায় অভিযোগ জানিয়েছে বাংলাদেশ। আপাতত তাদের চোখ এখন ম্যাচের দিকে। নারী দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘সবাই ফাইনালের লক্ষ্যেই নামে। আমরাও আশাবাদী।’

