আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ২২, ২০২৬
কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর নিজের গাড়িতে করে ঝাড়খণ্ডের ধানবাদে পালিয়ে গেলেও শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের নিজ বাসভবনে ফিরলে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ বীরেশ্বরের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, নগদ অর্থের সংকটে পড়েই তিনি ধানবাদ থেকে নিজের বাড়িতে ফিরে এসেছিলেন। গত মঙ্গলবার গভীর রাতে ওই হোটেলে লাগা আগুনে ৯ জন নিহত হন, যাদের মধ্যে ৭ জন বাংলাদেশি নাগরিক। অভিযোগ উঠেছে, অত্যন্ত সংকীর্ণ জায়গায় নিয়ম না মেনে অতিরিক্ত কক্ষ নির্মাণ করা হয়েছিল এবং অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না।
হোটেলটির মালিক বীরেশ্বরের দিঘা ও মন্দারমণিতেও হোটেল ব্যবসায় বিনিয়োগ রয়েছে। অগ্নিকাণ্ডের পর থেকে স্থানীয় প্রশাসন নিউ মার্কেট এলাকায় বেআইনিভাবে পরিচালিত একাধিক হোটেলে অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে।
এ ঘটনায় এর আগেও ইজারাদার আবু জাফরসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করা হয়েছে। বীরেশ্বরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাঁর আত্মগোপন ও হোটেল ব্যবস্থাপনার অনিয়ম সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

