বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এই দিনটিকে নরওয়ের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেছেন আর্লিং হালান্ড। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়া এই তারকা জানান, এটি নরওয়ের ফুটবলের ইতিহাসে এক অসাধারণ মুহূর্ত।
তিনি বলেন, ‘এটি নরওয়ের ইতিহাসে একটি বিশেষ দিন। সবাইকে এই মুহূর্তটা উপভোগ করা উচিত। এটি সত্যিই অবিশ্বাস্য এক দিন। নরওয়ের ইতিহাসে অন্যতম সেরা দিন।’
হালান্ড জানান, এই জয় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার ভাষায়, ‘আমরা এই অর্জন নিয়ে গর্বিত। ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন জয় নরওয়ের ফুটবলের জন্য বিশাল অর্জন।’
ম্যাচে শুরুতে গোলের সুযোগ না পেলেও ধৈর্য ধরে অপেক্ষা করার কথা জানান তিনি। পরে সুযোগ পেয়েই গোল করেন এবং দলকে এগিয়ে দেন।
তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচ আলাদা। আমাদের শুধু সুযোগের অপেক্ষা করতে হয়েছিল। সুযোগ এলে সেটিকে কাজে লাগাতে হয়। একটি হেডে প্রথম গোল, আর দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ।’
ম্যাচ শেষে মাঠেই নরওয়ের খেলোয়াড়রা সমর্থকদের সঙ্গে বিশেষ উদযাপনে অংশ নেয়। ড্রামের তালে তালে আনন্দে মেতে ওঠে পুরো দল। সমর্থকদের এই উচ্ছ্বাসকে নরওয়ের ফুটবলের বড় সাফল্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন কোচ স্তোলে সোলবাকেন।
তিনি বলেন, ‘মনে হচ্ছে পুরো নরওয়াই এখন আনন্দে মেতে আছে। এটি আমাদের ফুটবল ইতিহাসের সেরা রাত। আমরা এখন কোয়ার্টার ফাইনালে আছি, সামনে আরও কী হবে তা বলা কঠিন।’
তিনি আরও বলেন, প্রতিপক্ষ নিয়ে কোনো পছন্দ নেই তাদের। ‘মেক্সিকো হোক বা ইংল্যান্ড, আমাদের প্রস্তুতি একই থাকবে।’
নরওয়ের এই ঐতিহাসিক জয়ের পর বিশ্বকাপে তাদের অগ্রযাত্রা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

