আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬-কেসামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নরওয়ে। এবারের বিশ্বকাপে দলের নেতৃত্বে থাকছেন আর্সেনালের তারকা মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।
দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড, ফুলহামের তরুণ মিডফিল্ডার অস্কার বব এবং ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড ইয়ুর্গেন স্ট্রান্ড লারসেনের মত তারকা ফুটবলাররা।
এবারের বিশ্বকাপে নরওয়ে দল ঘোষণায় ছিল ভিন্নতা। নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পূর্বধারিত ভিডিও বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন।
নরওয়ে দলে সবচেয়ে বড় চমক হিসেবে দলে সুযোগ পেয়েছেন হামবুর্গের গোলরক্ষক সান্ডার টাংভিক। ২৩ বছর বয়সী এই গোলকিপার এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন। চোটের কারণে এসকে ব্রানের গোলরক্ষক ম্যাথিয়াস ডিংগেল্যান্ড ছিটকে যাওয়ায় তার সুযোগ তৈরি হয়। এছাড়া সাবেক রাশিয়া অনূর্ধ্ব-২১ দলের গোলরক্ষক নিকিতা হাইকিনের জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন না পাওয়ায় বিশ্বকাপ দলে ট্যাংভিকের জায়গা করে নেওয়ার পথ সুগম হয়।
দল ঘোষণার পর ডার্বি কাউন্টির ডিফেন্ডার সোনদ্রে লাংগস মজা করে বলেন, ‘ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমি বিশ্বাসই করিনি।’
২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে তাদের যাত্রা শুরু করবে আগামী ১৬ জুন। যুক্তরাষ্ট্রের বোস্টনে ইরাকের বিপক্ষে হবে তাদের প্রথম ম্যাচ। এরপর তারা খেলবে সেনেগাল ও ফ্রান্সের বিপক্ষে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত ৪৮ দলের এবারের বিশ্বকাপ শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।
নরওয়ের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ওরিয়ান হাসকজোল্ড নিয়ল্যান্ড, এগিল সেলভিক, স্যান্ডার ট্যাংভিক।
রক্ষণভাগ: জুলিয়ান রিয়ারসন, মার্কাস হোমগ্রেন পেডারসেন, ডেভিড মোলার উলফ, ফ্রেডরিক বেয়োরকান, ক্রিস্টোফার আজের, টরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্তিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালচেনার।
মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড, স্যান্ডার বের্গে, ফ্রেডরিক আউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থর্সটভেড, মর্টেন থর্সবি, থেলো আসগার্ড।
আক্রমণভাগ: আর্লিং হালান্ড, আলেকজান্ডার সোরলথ, জর্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ, জেন্স পেটার হগ।

