সত্য সমাচার ডিজিটাল: মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বেসরকারি খাতের এলপিজির দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রোববার বিকেলে নতুন এই মূল্যতালিকা ঘোষণা করেছে, যা সাধারণ মানুষের মাসিক বাজেটে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ‘১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বৃদ্ধি করা হয়েছে‘গতকাল পর্যন্ত যেখানে একটি ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭২৮ টাকা, আজ সন্ধ্যা ৬টা থেকে তা কার্যকর হচ্ছে ‘১ হাজার ৯৪০ টাকায়।
বিইআরসি সচিবালয়ের সূত্রমতে, প্রতি কেজি এলপিজির দাম এবার বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। অথচ চলতি এপ্রিল মাসের শুরুতেই একবার কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা দাম বাড়ানো হয়েছিল। অর্থাৎ, এপ্রিল মাস শেষ হওয়ার আগেই দুই দফায় এলপিজির দাম যে পর্যায়ে পৌঁছেছে, তা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য অসহনীয় হয়ে উঠেছে।
বিইআরসি সাধারণত সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের দামের (সৌদি সিপি) ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার মানের ক্রমাগত অবমূল্যায়নের কারণে দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না।

