ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০৩০ সালেই ৬৪ দলের বিশ্বকাপ!

admin
এপ্রিল ১২, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৫
আগামী বছর প্রথমবারের মতো আয়োজন করা হবে ৪৮ দলের বিশ্বকাপ। টুর্নামেন্টের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এর মধ্যেই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল। মেগা ওই বিশ্বকাপের পরিকল্পনা ২০৩০ সালের আসরেই।

ফুটবল বিশ্বকাপ প্রথম মাঠে গড়িয়েছিল ১৯৩০ সালে। প্রতিযোগিতাটির শতবর্ষ উদযাপনে ২০৩০ আসরের প্রথম তিনটি ম্যাচ মাঠে গড়াবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। এরপর টুর্নামেন্টের বাকি অংশ হবে মূল তিন স্বাগতিক স্পেন, মরক্কো ও পর্তুগালে। ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে নানারকম গুঞ্জন অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। সেসবের কোনো ভিত্তি যদিও ছিল না। তবে গত ৬ মার্চ ফিফার এক অনলাইন সভায় ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেন উরুগুয়ের প্রতিনিধি।

সেই ধারাবাহিকতাতেই যেন বৃহস্পতিবার নিজেদের অবস্থান জানালেন কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো দোমিনগেস। তিনি বলেছেন, ‘এর মাধ্যমে সব দেশ এই বৈশ্বিক অভিজ্ঞতা উপভোগের সুযোগ পাবে এবং বিশ্বের কেউ এই আনন্দের মঞ্চের বাইরে থাকবে না। আমাদের মতে, (বিশ্বকাপের) শতবর্ষ উদযাপন অনন্য একটা ব্যাপার, কারণ ১০০ বছরের উপলক্ষ একবারই উদযাপন করা যায়।’

কনমেবলের এই সভায় উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের শতবর্ষে ২০৩০ সালের আসরকে তিনি অসাধারণ মাইলফলক বলে আখ্যা দিয়েছেন। কনমেবলের প্রস্তাবকে বাস্তবে রূপ দেওয়া হলে, ৬৪ দলের ২০৩০ সালের বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা দাঁড়াবে ১২৮; ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত আসরগুলোয় যেখানে ম্যাচ হতো ৬৪টি। অবশ্য ৬৪ দলের বিশ্বকাপ ভাবনা শুরু থেকেই তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। সমালোচকদের মতে, এ ক্ষেত্রে টুর্নামেন্টের বাছাইপর্বের মান অনেক পড়ে যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।