হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি সামুদ্রিক ড্রোনে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানি বিপ্লবী গার্ডের নৌবাহিনী জানিয়েছে, পালতোলা নৌকার মতো দেখতে ওই ড্রোনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তাদের দাবি, ড্রোনটির মাধ্যমে পরিচালিত একটি ‘আগ্রাসী অভিযান’ তারা ব্যর্থ করে দিয়েছে। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালির প্রবেশমুখে ড্রোনটির বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাদের নৌবাহিনী। তবে হামলার ফলে ড্রোনটি ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের এই দাবি নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। প্রণালিটি দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

