ঢাকা২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ৩ শর্ত ইরানের

admin
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে তেহরানের কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই।

কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

গতকাল শনিবার কাতারভিতত্তক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

রেজাই বলেন, আলোচনার জন্য ইরানের শর্ত মধ্যস্থতাকারীদের জানানো হয়েছে। যুদ্ধ থেকে বের হতে এসব শর্ত মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থেই হবে।

তিনি বলেন, ট্রাম্পের হুমকিতে কোনও ফল আসবে না এবং ইরান চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত।

এদিন প্রকাশিত সাক্ষাৎকারে রেজাই ইরানের শর্তগুলো উল্লেখ করে বলেন, সব ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা, ইরানের জব্দকৃত সব সম্পদ দ্রুত ছাড় এবং নৌ-অবরোধ প্রত্যাহার।

যুক্তরাষ্ট্র এসব শর্ত মানলেই কেবল যুদ্ধ বন্ধ করে দুই পক্ষ আলোচনার পরবর্তী ধাপ শুরু করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

রেজাই জানান, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক থেকে সরে যাওয়ার পর ওয়াশিংটনের সঙ্গে কৌশল পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে ইরান নিশ্চিত হয়েছে।

এদিকে তার দাবি, ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মূল্যায়ন ও হিসাব ভুল ছিল এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধটি উসকে দিয়েছেন।

রেজাই আরও বলেন, মার্কিন সামরিক বাহিনীর দুর্বলতাগুলো সম্পর্কে ইরান জানে এবং দেশটি এখন আগের যেকোনও সময়ের চেয়ে মার্কিন বিমান হামলা মোকাবিলায় বেশি প্রস্তুত।

সম্প্রতি একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে ইরান একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে বলে জানান তিনি।

ইরান প্রতিরক্ষার বিষয়ে গুরুতর অবস্থানে রয়েছে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এই সচিব বলেন, দেশটিতে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ওয়াশিংটনের স্বার্থে আরও জোরালো হামলা চালাবে তেহরান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।