স্পোর্টস রিপোর্টার
৩০ ডিসেম্বর ২০২৪,
আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের একাদশ আসর। উদ্বোধন হওয়ার ৩ ঘণ্টা আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেট আটকে বিক্ষোভ করছেন ক্রিকেটপ্রেমীরা। তাদের দাবি পর্যাপ্ত টিকিট ছাড়া হয়নি।
সবুজ হোসেন নামের একজন দাবি করেন, ‘কাল অফলাইনে মাত্র ৭০০ টিকিট দিছে। আমরা লাইনে দাঁড়িয়েও পাইনি।’
অনলাইনের টিকিট নিয়ে জানতে চাইলে রাকিব নামের আরেকজন দর্শক বলেন, ‘আধাঘণ্টায় সার্ভার কাজ করা বন্ধ করে দিয়েছে। আমরা টিকিট পাইনি, আমাদের টিকিট দিতে হবে।’
এর আগে গতকাল সকালেও টিকিটের জন্য বিক্ষোভ করেন দর্শকরা। এরপর বিসিবি এক বিবৃতিতে জানায়, কখন আর কোথায় টিকিট পাওয়া যাবে। পরে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম টিকিট অব্যবস্থাপনা নিয়ে দায় স্বীকার করেন।
আজ বিপিএলে প্রথম ম্যাচে ফরচুন বরিশাল খেলবে দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রংপুর।

