ঢাকা২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

admin
সেপ্টেম্বর ২, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা এবং দ্রুত উত্তেজনা প্রশমনের সম্ভাবনা কমে যাওয়ায় বুধবার দিনের শুরু থেকেই তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বাণিজ্য শুরুর দিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮৭ সেন্ট বা শূণ্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৫২ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮০ সেন্ট বা শূণ্য দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক শূণ্য ২ ডলারে ওঠে।

এর আগে মঙ্গলবারের লেনদেনেও উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ৪ ডলারের বেশি বেড়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ ও অবকাঠামোতে সম্ভাব্য হামলা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে।

এদিকে সংঘাত দ্রুত থামার আশা ক্ষীণ হওয়ায় বাজারে অনিশ্চয়তাও বেড়েছে। পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে তেলের সরবরাহে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক পরিস্থিতিই তেলের বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।