আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন প্রান্তের সাংবাদিক সংগঠনগুলোকে এক ছাতার নিচে আনার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ফেডারেশন অব প্রেস ক্লাবস (এফপিসি)। দেশের বিভিন্ন রাজ্যের আটটি শীর্ষ প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে গঠিত এই জাতীয় সংগঠন গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় কাজ করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ অনুযায়ী নিবন্ধিত এই সংগঠনের প্রথম পরিচালনা পরিষদের সভা সম্প্রতি প্রেস ক্লাব অব ইন্ডিয়া-তে অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া, মুম্বাই প্রেস ক্লাব, প্রেস ক্লাব কলকাতা, প্রেস ক্লাব হায়দরাবাদ, চণ্ডীগড় প্রেস ক্লাব, স্টেট প্রেস ক্লাব (মধ্যপ্রদেশ), গৌহাটি প্রেস ক্লাব ও আগরতলা প্রেস ক্লাব।
নবগঠিত সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন গৌতম লাহিড়ী। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন স্নেহাশিস সুর, সামার খাদাস ও বিজয় রেড্ডি। মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌরভ দুগ্গল।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রযুক্তিগত পরিবর্তন ও দ্রুত বদলে যাওয়া গণমাধ্যম বাস্তবতায় সাংবাদিকদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গড়ে তোলা, সাংবাদিকদের জন্য সহায়ক পরিবেশ তৈরি এবং পেশার মর্যাদা রক্ষায় কাজ করবে এফপিসি।
প্রতিষ্ঠাতা সভাপতি গৌতম লাহিড়ী বলেন, বিভিন্ন প্রেস ক্লাবের সম্মিলিত কণ্ঠস্বর গড়ে তোলার দীর্ঘদিনের ভাবনা থেকেই এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা ছাড়া গণমাধ্যমের সুস্থ বিকাশ সম্ভব নয়।
সংগঠনের নেতারা আরও জানান, ভবিষ্যতে ভারতের অন্যান্য প্রেস ক্লাব ও গণমাধ্যমভিত্তিক সংগঠনের জন্যও সদস্যপদ উন্মুক্ত করা হবে।
গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ ভারতের সাংবাদিক সমাজে একটি নতুন সমন্বয় ও প্রতিনিধিত্বমূলক প্ল্যাটফর্ম তৈরির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

