ব্রাজিলে সব ধরনের অনলাইন জুয়া ও অনলাইন ক্যাসিনো নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের মাত্র এক সপ্তাহ আগে শুক্রবার তিনি এ-সংক্রান্ত একটি অস্থায়ী আদেশে সই করেন।
নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন ৮০ বছর বয়সী লুলা। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
২০১৮ সালে ব্রাজিলে অনলাইন জুয়া বৈধ করা হয়। এরপর দেশটিতে অনলাইন বাজির জনপ্রিয়তা দ্রুত বাড়ে। তবে জুয়ায় আসক্তির কারণে অনেক পরিবার তাদের আয় ও সঞ্চয় হারাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অনলাইন জুয়াকে এর আগে ‘ক্যানসার’ হিসেবে উল্লেখ করা লুলা বলেন, ‘আমরা এই টিউমার সরাব, নইলে এটি আমাদের ধ্বংস করবে।’
এক বিবৃতিতে লুলা বলেন, অনলাইন বাজির সুযোগ সাবেক প্রেসিডেন্ট মিশেল তেমেরের সরকারের সময় তৈরি হলেও জাইর বলসোনারোর শাসনামলে এটি কোনো কার্যকর নিয়ন্ত্রণ ছাড়াই ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। বিশেষ করে শিশু ও কিশোরদের অনলাইন বাজি থেকে দূরে রাখার ক্ষেত্রে পর্যাপ্ত বিধিনিষেধ ছিল না বলেও দাবি করেন তিনি।
লুলা বলেন, ‘বাজি কোম্পানিগুলোকে ব্রাজিলের পরিবারগুলোর আয় ও জীবনের বিনিময়ে মুনাফা করতে দেওয়া হবে না।’
জুয়ায় আসক্তির কারণে ঘরের সবকিছু বিক্রি করে দিতে বাধ্য হওয়া পরিবারের কথাও তিনি শুনেছেন বলে জানান। চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও লুলা অনলাইন জুয়া শিল্পের সমালোচনা করে বলেন, এটি ‘আসক্তিকে মুনাফায় পরিণত করছে’।
তবে লুলার এ উদ্যোগের সমালোচনা করেছেন ফ্লাভিও বলসোনারো। শুক্রবার রিও ডি জেনেইরোর এক নির্বাচনী সমাবেশে তিনি এই পদক্ষেপকে ‘জনতুষ্টিবাদী, ভণ্ডামিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন।
নতুন অস্থায়ী আদেশটি কার্যকর রাখতে ১২০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। এর পাশাপাশি নির্দিষ্ট অঙ্কের বাজি সংক্রান্ত অপরাধের শাস্তি কঠোর করার জন্য একটি বিলেও সই করেছেন লুলা।
ব্রাজিলে ক্যাসিনো ও স্লট মেশিনসহ বেশিরভাগ ধরনের জুয়া এখনও অবৈধ। তবে ২০১৮ সালে অনলাইন বাজি বৈধ হওয়ার পর এই খাত দ্রুত সম্প্রসারিত হয়েছে।
এদিকে, চলতি সপ্তাহে প্রকাশিত অ্যাটলাস ও ব্লুমবার্গের এক জরিপে দেখা গেছে, ব্রাজিলের প্রাপ্তবয়স্কদের প্রায় ৫৯ দশমিক ৯ শতাংশ ইন্টারনেটভিত্তিক বাজি নিষিদ্ধ করার পক্ষে।

