সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নের জন্য ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের ক্ষেত্রে তা দেওয়া হয়নি। এ নিয়ে সংসদে প্রশ্ন ওঠার পর বিরোধী দলের এমপিদেরও বরাদ্দের চিঠি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, আগামী মঙ্গলবারের মধ্যে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দের চিঠি বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে। এ নিয়ে তাদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে আলোচনা হয়।
অধিবেশনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সম্পূরক প্রশ্নে বিষয়টি উত্থাপন করেন।
তিনি প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নের জন্য ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ইউনিয়নগুলোতে একই ধরনের বরাদ্দ দেওয়া হয়নি কেন।
জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দের চিঠি আগামীকালের (মঙ্গলবার) মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে। আপনারা হতাশ হবেন না।’
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের লক্ষ্য সুষম উন্নয়ন নিশ্চিত করা।

