সত্য সমাচার ডেক্স
২৪ সেপ্টেম্বর ২০২৫
মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একই সঙ্গে দলটির মহাসচিবের নামে প্রকাশিত সাক্ষাৎকারটি ডাহা মিথ্যা ও মনগড়া তথ্য বলেও জানানো হয়েছে।
আজ বুধবার দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়, যা ডাহা মিথ্যা ও মনগড়া।
সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে।
এতে আরও বলা হয়, বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লেখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।

