স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী বিজ্ঞানী জুল ফিকার রহমানের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রায়গঞ্জ উপজেলার চৌধুরী গুঘার্টসলংগা এলাকার বাসিন্দা মাওলানা ওহেদের ছেলে এটিএম লুৎফর রহমান দিলুর বিরুদ্ধে।
অভিযোগকারী সূত্রের দাবি, বিভিন্ন সময় নানা প্রতিশ্রুতি ও কৌশলের মাধ্যমে এটিএম লুৎফর রহমান প্রবাসী জুল ফিকার রহমানের কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা গ্রহণ করেন। এ লেনদেনের ব্যাংকসংক্রান্ত নথিপত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এটিএম লুৎফর রহমান অতীতে উল্লাপাড়া-সলঙ্গা এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন পোস্টার ও ব্যানারের মাধ্যমে নিজের প্রচারণা চালিয়েছিলেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।
অভিযোগকারীর আরও দাবি, এটিএম লুৎফর রহমান জালিয়াতি, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছেন।
সূত্রের ভাষ্য, যুক্তরাষ্ট্রে তাঁর দুটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়া রাজধানীর গুলশান-২ এলাকার রোড-৫৫, বাড়ি নম্বর-০৫ (নীলাঞ্জনা)-এ তাঁর সম্পদেরও উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী পক্ষের দাবি, বারবার পাওনা টাকা পরিশোধের অনুরোধ জানানো হলেও এটিএম লুৎফর রহমান তা পরিশোধ করেননি।
এ বিষয়ে এটিএম লুৎফর রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগকারী পক্ষ জানিয়েছে, অর্থ আত্মসাতের অভিযোগে এটিএম লুৎফর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

