ঢাকা৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ভালো সংগ্রহের পর পাকিস্তানের দৃঢ়তা

admin
মে ৯, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৬

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। যেখানে টাইগারদের প্রথম ইনিংসে ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে পাকিস্তান। সফরকারীরা এখনও ২৩৪ রানে পিছিয়ে রয়েছে।

বাংলাদেশ প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে ৮৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০১ রানে শেষ করেছিল। মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সেঞ্চুরি পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১০১)। আর ৯১ রানে আউট হন অভিজ্ঞ মুমিনুল হক।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতে দারুণ ব্যাট করতে থাকা লিটন দাসের ইনিংস শেষ হয় ৩৩ রানে। ৬৭ বলে ৫টি চারে মোহাম্মদ আব্বাসের বলে আউট হন তিনি। এর পর এই পেসারের বলেই ১০ রানে ফিরে যান মেহেদী হাসান মিরাজ।

লাঞ্চের পর প্রথম ওভারেই আউট হন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। শাহীন শাহ আফ্রিদির বলে বোল্ড হওয়া এই তারকা ১৭৯ বলে ৮টি চারে ৭১ রান করেন। এরপর এবাদত হোসেন শূন্য রানে ফিরলে ৫ উইকেট পূরণ করেন আব্বাস।

শেষদিকে তাসকিন আহমেদের ক্যামিওতে দলীয় চারশ পার হয় বাংলাদেশের। দলের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া এই পেসার ১৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৮ রান করেন। তিনি আফ্রিদির শিকার হন।

পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট পান আব্বাস। আফ্রিদি ৩ উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান ১০৬ রানের উদ্বোধনী জুটি গড়ে। জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৭২ বলে ৬টি চারে ৪৫ রান করা ইমাম-উল-হককে এলবির ফাঁদে ফেলেন এই স্পিনার।

তবে এরপর আজান ওয়াইস ও আব্দুল্লাহ ফজল দ্বিতীয় উইকেটে ১৪৫ বলে ৭৩ রানে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন। আজান ১৩৩ বলে ১২টি চারে ৮৫ ও ফজল ৭৮ বলে ৬টি চারে ৩৭ রান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।