ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পথসভায় জামায়াত আমির ‘নিজেদের সামলান, নয়তো জনগণই আপনাদের সামলে দেবে’

admin
জুলাই ৫, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৫ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলব- নিজেদের সামলান, নয়তো জনগণই আপনাদের সামলে দেবে।’

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘নতুন-পুরাতন কিছু বুঝি না। আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত রেখে গেছেন, সেই রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেব না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।’

নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখছি না। এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা- মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এ ক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না।’

প্রসঙ্গত, ফেনীতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশ নেন জামায়াত আমির। পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভাটি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান।

এ ছাড়া বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান অ্যাডভোকেট, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, বরুড়া আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।