সত্য সমাচার ডিজিটাল: আয়কর বার্তা রিপোর্ট: দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) প্রধান কার্যালয়ে গঠিত ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’-এর নাম পরিবর্তন করে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ইউনিট’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
এতে বলা হয়, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট অবকাঠামো গড়ে তোলা এবং ইধহমষধ ছজ লেনদেন আরও বিস্তৃত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সব ব্যাংক, এমএফএস ও পিএসপি প্রতিষ্ঠানকে তাদের মোবাইল অ্যাপে গ্রাহক নিবন্ধন বাড়াতে হবে। একই সঙ্গে বাংলা কিউআর-এর মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা চালু ও অ্যাপের হোম পেইজে এ অপশন দৃশ্যমান রাখতে হবে। এ ছাড়া ব্যাংকগুলোর ট্রেড লাইসেন্সযুক্ত সব রিটেইল হিসাবধারীকে বাংলা কিউআর চ্যানেলে অনবোর্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত নতুন মার্চেন্ট অনবোর্ডিং এবং মোবাইল অ্যাপে গ্রাহক নিবন্ধন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাসহ কর্মপরিকল্পনা আগামী ৩ জুনের মধ্যে জমা দিতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, প্রতিটি ব্যাংক শাখায় একজন কর্মকর্তাকে ‘বাংলা কিউআর ব্রান্ডিং কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দিতে হবে, যাতে মাঠপর্যায়ে এ সেবার প্রচার ও বাস্তবায়ন তদারকি করা যায়।

