ঢাকা১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ঠেকাতে কাঁটাতারের ব্যারিকেড ‘এটা কি সীমান্ত? এরা তো শিক্ষার্থী’

admin
আগস্ট ১০, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৬

সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ আরও জোরালো হয়েছে। সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার বিধানসভা ঘেরাও কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকেই ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বিধানসভা এলাকা ঘিরে রাখে বিপুলসংখ্যক পুলিশ। শিক্ষার্থীদের মিছিল বিধানসভার কাছে পৌঁছালে তাদের ঠেকাতে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয় এবং একপর্যায়ে পুলিশ জলকামান ব্যবহার করে। তবে কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড টপকে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় আন্দোলনে যোগ দেন অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো। ৩৩ বছর বয়সী এই নেতা এক সপ্তাহের বেশি সময় ধরে অনশন করছেন। অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং পরে স্ট্রেচারে করে আন্দোলনস্থলের দিকে এগিয়ে যান।

সাংবাদিকদের মাহাতো বলেন, সরকার যখন শিক্ষার্থীদের ঠেকাতে কাঁটাতারের ব্যারিকেড দিয়েছে, তখন অসুস্থ থাকা সত্ত্বেও তিনি নিজেকে থামিয়ে রাখতে পারেননি। তিনি প্রশ্ন করেন, ‘এটা কি পাকিস্তান, বাংলাদেশ নাকি চীনের সীমান্ত? এরা তো শিক্ষার্থী।’

তিনি আরও বলেন, ‘অনশনে থাকা সত্ত্বেও এখানে এসেছি। তারা আমাদের আটকাতে পারবে না। সরকারকে আমাদের দাবি মানতেই হবে।’

তবে আন্দোলন যেন সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করেছেন মাহাতো। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিন হওয়ায় তিনি কোনো অপ্রীতিকর ঘটনা চান না। দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভের মতো কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় এবং কোনো রক্তপাত ছাড়াই শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষ হয় এটাই তার প্রত্যাশা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ জুলাই থেকে রাঁচিতে শিক্ষার্থীদের এই বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া অন্তত ছয়জন শিক্ষার্থী বর্তমানে অনশন করছেন। তাদের মধ্যে দেবেন্দ্র নাথ মাহাতোও রয়েছেন।

বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি হলো, বেসরকারি কোম্পানির মাধ্যমে ঝাড়খণ্ডের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নেওয়ার বর্তমান ব্যবস্থা বাতিল করা। মাহাতোর দাবি, শুধু কিছু পরিবর্তন নয়, পুরো নিয়োগ পরীক্ষার ব্যবস্থার সংস্কার করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা পুরো ব্যবস্থার পরিবর্তন চাই।’

অন্যদিকে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আন্দোলনকারীদের কিছু দাবি মেনে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। রোববার তিনি বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব।তবে সরকারের সঙ্গে আলোচনায় এখনো কাঙ্ক্ষিত সমাধান না আসায় আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশি বাধা ও জলকামান ব্যবহারের ঘটনায় ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা নিয়ে চলমান ক্ষোভ আরও তীব্র হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।