ঢাকা১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদে বলিউডে শুভর অভিষেক ‘জ্যাজ সিটি’তে আসছে রহস্যময় ‘জিমি রয়’

admin
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন  প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৬

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় বাংলাদেশের নাম উজ্জ্বল করতে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এর মাধ্যমে দারুণ এক যাত্রা শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হলো- শুভ অভিনীত পলিটিক্যাল থ্রিলার সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ। এ সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য হিন্দি ও ইংরেজির পাশাপাশি পূর্ণাঙ্গভাবে বাংলা ভাষায় মুক্তি পাবে। ১৯৭১ সালের উত্তাল কলকাতা ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজের পরতে পরতে রয়েছে ইতিহাস আর রহস্যের ঘ্রাণ। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘জিমি রয়’ নামের এক রহস্যময় যুবক। যার চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিরিজের ট্রেলার ও টিজারে শুভর বহুমাত্রিক উপস্থিতি ইতোমধ্যে দুই বাংলার দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। কখনও মার্জিত গ্রে স্যুটে গম্ভীর অবয়ব, আবার কখনও সাদা পোশাকে জ্যাজ ক্লাবের আলোকোজ্জ্বল মঞ্চে নাচের ছন্দে- প্রতিটি ফ্রেমেই সত্তরের দশকের সেই আইকনিক রেট্রো লুক ফুটিয়ে তুলেছেন তিনি। এই সিরিজের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল ভাষা, যেখানে শুভকে বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি- এই চারটি ভিন্ন ভিন্ন ভাষায় সংলাপ দিতে দেখা যাবে। নিজের এই স্বপ্নের প্রজেক্ট নিয়ে উচ্ছ্বসিত শুভ জানান, জ্যাজ সিটি কেবল একটি সাধারণ যুদ্ধের গল্প নয়; এটি এমন এক আখ্যান যেখানে সংলাপের চেয়েও সুর এবং নীরবতা অনেক বেশি কথা বলে। বিশেষ করে মিউজিক এখানে গল্পের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করেছে। ‘জুবিলি’ খ্যাত বলিউডের জনপ্রিয় নির্মাতা সৌমিক সেনের সুদক্ষ পরিচালনায় এই সিরিজে শুভর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আলোচিত অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সিরিজের কাহিনি মূলত কলকাতার একটি ধূম্রজালের জ্যাজ ক্লাবকে কেন্দ্র করে গড়ে ওঠে, যেখানে গোপনে দেশপ্রেম আর বিপ্লবের পরিকল্পনা চলত। মুক্তিপাগল মানুষের আবেগ, ব্যক্তিগত সংঘাত আর রাজনৈতিক অস্থিরতার মিশেলে তৈরি এই সিরিজটি কেবল ইতিহাস নয়, বরং মানবিক সম্পর্কের এক নতুন গল্প বলবে। শুভর সঙ্গে এই সিরিজে আরও দেখা যাবে শান্তনু ঘটক, শাতাফ ফিগার, অনিরুদ্ধ গুপ্ত এবং আন্তর্জাতিক অভিনেত্রী অ্যালেক্সান্দ্রা টেলরকে। সব মিলিয়ে ১৯ মার্চ থেকে দর্শকরা এক নতুন আরিফিন শুভকে দেখতে পাবেন, যিনি দেশীয় গণ্ডি পেরিয়ে বলিউডের বিশাল ক্যানভাসে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে প্রস্তুত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।