ঢাকা৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড ম্যাচের আগে নরওয়ে অধিনায়ক ‘ব্রাজিলের বিপক্ষেও আমরা আন্ডারডগ ছিলাম’

admin
জুলাই ৯, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে নিজেদের ‘আন্ডারডগ’ হিসেবেই দেখছেন নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তবে ব্রাজিলকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে এবারও চমক দেখাতে প্রস্তুত তার দল।

শনিবার মায়ামিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কোয়ার্টার ফাইনাল। শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে ২–১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেয় নরওয়ে।

ম্যাচের আগে ওডেগার্ড বলেন, `ইংল্যান্ডের শক্তিমত্তা সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। তাদের অনেক খেলোয়াড়কে আমি খুব কাছ থেকে চিনি। তারা অসাধারণ মানের এবং বিশ্বসেরাদের মধ্যে অন্যতম। বর্তমানে তারা বিশ্বের অন্যতম শক্তিশালী জাতীয় দল। তাই এটি আমাদের জন্য বড় পরীক্ষা হবে।‘

তবে ব্রাজিলের বিপক্ষেও নিজেদের সুযোগ কম ছিল উল্লেখ করে তিনি বলেন, `ব্রাজিলের বিপক্ষেও আমরা আন্ডারডগ ছিলাম। কিন্তু ফুটবলে যেকোনো কিছুই সম্ভব, সেটা সবাই দেখেছে। এবারও আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং কী করা যায়, সেটাই দেখব।‘

ইংল্যান্ডের অনেক খেলোয়াড়ের সঙ্গে নিয়মিত লিগে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন নরওয়ের অধিনায়ক।

তিনি বলেন, `আমাদের অনেকেই ইংল্যান্ডে খেলি। তাই তাদের খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা আছে। কিন্তু এটি ব্যক্তিগত নয়, দলগত লড়াই। প্রতিপক্ষকে বিশ্লেষণ করতে হবে, নিজেদের সেরাটা দিতে হবে এবং নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে হবে।‘

ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠায় গর্বিত ওডেগার্ড।

তিনি বলেন, `আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে আমরা একটি ভালো দল। ফুটবলে সবকিছুই সম্ভব। আবারও আমরা আন্ডারডগ, কিন্তু দেখা যাক কী হয়। ভালো প্রস্তুতি নিতে হবে, এই মুহূর্তটা উপভোগ করতে হবে এবং একসঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে।‘

বিশ্ব ফুটবল র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের বিপক্ষে উনিশতম স্থানে থাকা নরওয়ের এই লড়াইয়ে আবহাওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মায়ামির তীব্র গরম ও আর্দ্রতার সঙ্গে মানিয়ে নিতে নরওয়ে আগেভাগেই ফ্লোরিডায় পৌঁছে অনুশীলন শুরু করেছে। অন্যদিকে ইংল্যান্ড ম্যাচের আগ পর্যন্ত নিজেদের ঘাঁটিতেই প্রস্তুতি চালিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।