ঢাকা২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা কোচের খোলাচিঠি ‘দুঃখিত, আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

admin
জুলাই ২৭, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক পারফরম্যান্স করে স্পেনের কাছে শিরোপা হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি চিঠি প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই পথ বেছে নিয়েছেন তিনি। একই সঙ্গে গত কয়েক দিনে চারপাশ থেকে যে সমর্থন ও ভালোবাসা পেয়েছেন, সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদও জানান আর্জেন্টিনা কোচ।

খোলাচিঠির শুরুতে স্কালোনি লিখেছেন, ‘গত এক সপ্তাহ ছিল নানা অনুভূতির মিশেল। দুঃখের সঙ্গে আনন্দ, কান্নার সঙ্গে হাসি, উৎকণ্ঠার সঙ্গে স্বস্তি, আর স্নায়ুচাপের সঙ্গে শান্তি-সবকিছুই একসঙ্গে জড়িয়ে ছিল। এখন একটু শান্ত হয়ে কয়েকটি কথা লিখতে বসেছি। আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না। তবু মনে হলো, আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে ভালো উপায়।’

পোস্টে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ার হতাশার কথা তুলে ধরেন স্কালোনি, ‘সবার আগে শুধু এটুকুই বলতে চাই-দুঃখিত। আরেকটি ট্রফি এনে আপনাদের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েক দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন। তবে আমি চাই, আপনারা আমাদের এই দলকে মনে রাখুন। এই খেলোয়াড়দের, আমার যোদ্ধাদের। আমি আমার স্ত্রীকে তাদের কথা বলতে গিয়ে সবসময় এ নামেই ডাকতাম।’

চিঠির অন্যতম একটি শক্তিশালী অংশ ছিল যারা টুর্নামেন্টজুড়ে দলটির সমালোচনা করেছেন, তাদের উদ্দেশ্যে। স্কালোনি লেখেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কঠিন সমালোচনাও সহ্য করতে হয়েছে। শরীর যখন আর সাড়া দেয় না, তখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই আমাদের কাছে আসল ট্রফি।’

এরপর দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমার কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সব কর্মকর্তা-কর্মচারী, যারা নীরবে আমাদের জন্য কাজ করে গেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

চিঠি শেষ করার পর একটি ‘পুনশ্চ’ লেখা বাক্যও জুড়ে দিয়েছেন স্কালোনি, যেখানে তিনি লিখেছেন, ‘পুনশ্চ: যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে যেন এক অমূল্য সম্পদ আছে।’

উল্লেখ্য, আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে। এর পর তিনি তার পদে থাকবেন কি না- তা এখনো নিশ্চিত করেননি। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়ার পরিকল্পনা বহাল রেখেছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।